পুলিশের তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ নয়: মিজানুর
বাংলাদেশের পুলিশ সদস্যদের তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।
তিনি বৃহস্পতিবার রংপুরে সাংবাদিকদের বলেছেন, পুলিশের বাহিনীর তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ নয়।
“কাগজপত্র নকল করে একই লোককে একাধিকবার আটক দেখানো হচ্ছে। অনেককে মিথ্যা মামলায় জড়িয়ে নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হচ্ছে।”
এ ধরনের কর্মকাণ্ড ‘রাষ্ট্রের জন্য দুচিন্তার বিষয়’ মন্তব্য করে পুলিশকে আরও জবাবদিহির আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
কারও খামখেয়ালির কারণে একজন নাগরিককে যেন তার স্বাধীনতা হারাতে না হয়, সেজন্য অভিযোগ এলে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তিনি।
রংপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে কারাফটকে সাংবাদিকদের মুখোমুখি হন মিজানুর রহমান।
তিনি বলেন, “অনেক বন্দি আমার কাছে অভিযোগ করেছেন, তাদের আইনজীবীর সঙ্গে নাকি কথা বলতে দেওয়া হয় না। এই অমানবিক কর্মকাণ্ড কোনোভাবেই সমর্থনযোগ্য হতে পারে না।”
রংপুর কারাগার সম্পর্কে মিজানুর বলেন, অনেক পুরনো এই কারাগারে বন্দি ধারণক্ষমতা এক হাজার ১০০ জন হলেও সেখানে এক হাজার ৯৬৯ জন রয়েছেন। বসবাসের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় ইতোমধ্যে কারা হাসপাতাল পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
“কারাগারে বেশ কয়েকজন বন্দি ২০ বছরের বেশি সময় ধরে আটক আছেন। এসব বন্দিদের সাধারণ ক্ষমার আওতায় এনে দ্রুত মুক্তি দেওয়া উচিত।”
