রাজবাড়ীতে পাঁচ খুনের আসামি ৩ ‘চরমপন্থি’ গ্রেপ্তার
রাজবাড়ীর পাংশায় একসঙ্গে পাঁচজনকে অপহরণ ও হত্যা মামলার আসামি ‘চরমপন্থি দলের তিন সদস্য’কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
রাজবাড়ী গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মিজানুর রহমান জানান, বুধবার গভীর রাতে উপজেলার হাবাসপুর ইউনিয়নের সাদারচর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন- উপজেলার রামনর সাদারচর এলাকার জামাল শিকদার (৩২), বাবুল শেখ (৩০) ও ইসমাইল মোল্লা (৩৫)।
জেলার পুলিশ সুপার জিহাদুল কবির জানান, এ তিনজন চরমপন্থি সংগঠন ‘লাল পতাকা’র সঙ্গে যুক্ত। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি দেশি বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
২০০৯ সালের ৩১ মে পাংশার সাদারচর এলাকা থেকে পাঁচ দিনমজুরকে অপহরণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
রাজবাড়ীর ডিবি কর্মকর্তা মিজানুর বলেন, ওই বছর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরজগন্নাথপুর গ্রাম থেকে সাদারচর এলাকায় বিল্লাল ও খালেক নামে দুই ব্যক্তির বাড়িতে পাঁচ দিনমজুর কাজ করতে আসেন।
আকাই শেখ (৪৫), তার ছেলে লিটন শেখ (১৩), ভাতিজা সিদ্দিক (২২), সাকাজ (২৮) এবং হাফিজ (২০) নামে ওই পাঁচ দিনমজুরকে চরমপন্থিরা পুলিশের সোর্স বলে সন্দেহ করছিল।
সেই সন্দেহ থেকেই ওই বছর ৩১ মে চরমপন্থিরা পাঁচ দিনমজুরকে অপহরণ করে পদ্মার চরে নিয়ে হত্যার পর লাশ বালু চাপা দেয় বলে পুলিশ জানায়।
এ ঘটনায় প্রথমে আকাই শেখের স্ত্রী রওশন আরা বাদী হয়ে ২০০৯ সালের ১৮ অগাস্ট কুষ্টিয়ার কুমারখালী থানায় অপহরণ ও হত্যার একটি মামলা করেন।
পরে একই অভিযোগে ২০১১ সালের ২৭ নভেম্বর রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিম আদালতে আরও একটি মামলা দায়ের করা হয়।
ডিবি কর্মকর্তা মিজানুর বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে।
