২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় চাঁদা না পেয়ে মিল মালিককে জখম, গ্রেপ্তার ১  

মাগুরা সদর উপজেলায় ‘চাঁদা না পেয়ে’ এক মুড়ির মিলের মালিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 02:25 PM

Updated : 22 Aug 2022, 12:37 PM

সদর থানার ওসি মুন্সি আসাদুজ্জামান জানান, বুধবার রাতে উপজেলার হুলিনগর গ্রামে এ ঘটনা ঘটে। হামলার শিকার নীলকান্ত বিশ্বাসকে ফরিদপুরের মধুখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নীলকান্তর পক্ষ থেকে এ ঘটনায় মামলা করা হলে বৃহস্পতিবার সকালে একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

গ্রেপ্তার বদিয়ার রহমানের বাড়ি বাগবাড়িয়া গ্রামে। মামলার অন্য আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।

তারিকুল ইসলাম নামে স্থানীয় একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ত্রাসীদের ভয়ে নীলকান্তকে জেলা সদর হাসপাতালে ভর্তি না করে ফরিদপুরে পাঠানো হয়েছে।

তিনি বলেন, “সদরের রামনগর, হুলিনগরসহ কয়েকটি গ্রামে পাশের বাগবাড়িয়া, পারনান্দুয়ালী, বেলনগর গ্রামের দুর্বৃত্তরা প্রায়ই চাঁদাবাজি, মারপিটসহ নানাভাবে অত্যাচার চালিয়ে আসছে। এদের অত্যাচারে সবসময় আশঙ্কার মধ্যে থাকতে হয় আমাদের।”

হুলিনগর ইউনিয়ন পরিষদের সদস্য মন্মথ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই চাঁদাবাজ চক্রের কয়েকজন বুধবার বিকেলে মুড়ির মিলে গিয়ে নীলকান্তর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নীলকান্তকে গুরুতর জখম করে।

এ সময় মিলের শ্রমিকরা চাঁদাবাজদের ধাওয়া করে সাদ্দাম (২৫) নামে একজনকে আটকে ফেলে। তারা তাকে পিটিয়ে পুলিশে খবর দিলেও বদিয়ার তার সহযোগীদের নিয়ে হুলিনগরে গিয়ে জনতার হাত থেকে সাদ্দামকে ছিনিয়ে নিয়ে যায়। পরে মামলা হলে পুলিশ বদিয়ারকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে বলে ওসি আসাদুজ্জামান জানান।