ঢাকায় ‘অজ্ঞান পার্টির’ ২১ সদস্য আটক
রাজধানীতে চেতনানাশক ব্যবহার করে পথযাত্রীদের সর্বস্ব লুটে নেওয়া প্রতারক চক্রের ২১ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয় বলে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) এস এম জাহাঙ্গীর আলম সরকার জানান।
“তাদের কাছ থেকে চেতনানাশক ওষুধসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।”
তবে আটকদের কারও নাম পরিচয় জানাননি পুলিশের এই কর্মকর্তা।
তিনি বলেন, এ বিষয়ে পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
ঈদসহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশেই এ ধরনের প্রতারক চক্রের তৎপরতা বেড়ে যায়। সাধারণ মানুষের ভাষায় তারা ‘অজ্ঞান পার্টি’ হিসাবে পরিচিত।
এদের খপ্পরে পড়ে চেতনানাশক ওষুধের প্রতিক্রিয়ায় অনেকেরই মৃত্যু হয়েছে। অনেকে আবার সর্বস্ব হারিয়ে দীর্ঘ মেয়াদী শারীরিক সমস্যায় ভুগেছেন।
