তিন জেলায় বিএনপি-জামায়াতের ১৯ জন গ্রেপ্তার
যুদ্ধাপরাধী জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিলের রায়ের পর নাশকতার আশংকায় লক্ষ্মীপুর, গোপালগঞ্জ ও চাঁদপুর জেলা থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে এ তিন জেলার পুলিশ কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
গ্রেপ্তারদের মধ্যে লক্ষ্মীপুরে ইসলামী ছাত্রশিবিরের পাঁচ নেতাকর্মী, গোপালগঞ্জে এক জামায়াত কর্মী, ছাত্রদল ও যুবদলের তিন নেতাকর্মী এবং চাঁদপুরে জামায়াত-শিবিরের ১০ কর্মী রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরে গ্রেপ্তার শিবিরের পাঁচ নেতাকর্মীর মধ্যে হত্যা ও নাশকতাসহ পাঁচটি মামলার আসামি জেলা ছাত্র শিবিরের সভাপতি রেজাউল করিম সুমন রয়েছেন।
গ্রেপ্তার বাকি চারজন হলেন- জেলা ছাত্র শিবিরের অফিস সম্পাদক ফজলুল করিম এবং শিবিরকর্মী আলী আহম্মদ, মোস্তফা ও নূর আলম।
লক্ষ্মীপুরের এএসপি (সার্কেল) মো. নাসিম মিয়া জানান, বুধবার সকালে পৌর শহরের গোলন্দাজ হাউজিংয়ের একটি মেসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে বেশকিছু জেহাদি বই, চাঁদা আদায়ের রশিদ ও সদস্য তালিকা উদ্ধার করা হয়েছে।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, মঙ্গলবার রাতে কোটালীপাড়া উপজেলা থেকে এক জামায়াত কর্মী এবং টুঙ্গিপাড়া থেকে ছাত্রদল ও যুবদলের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
কোটালীপাড়ায় গ্রেপ্তার জামায়াত কর্মী আবুল বশার (৪২) উপজেলার গচাপাড়া দাখিল মহিলা মাদ্রাসার সুপার হিসেবে কর্মরত বলে জানান কোটালীপাড়া থানার ওসি আব্দুল লতিফ।
টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার তিনজন হলেন- উপজেলার পাটগাতী ইউনিয়ন যুবদল সভাপতি রেজাউল শেখ (২৬), যুবদল কর্মী রবিউল শেখ (২৮) ও ছাত্রদল কর্মী সোহাগ সরদার (২৩)। তাদের সবার বাড়ি পাটগাতী গ্রামে।
টুঙ্গিপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে উপজেলার পাটগাতী এলাকায় সন্দেহজনক ঘোরাফেরার কারণে টহল পুলিশ এ তিনজনকে গ্রেপ্তার করে।
যুদ্ধাপরাধী মুজাহিদের রায়ের পর জামায়াতের ডাকা হরতালে নাশকতা করতে তারা মাঠে নেমেছিল প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
চাঁদপুর প্রতিনিধি জানান, নাশকতার অভিযোগে চাঁদপুর সদর ও হাজীগঞ্জ উপজেলায় মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১০ কর্মীকে আটক করা হয়।
এদের মধ্যে সদর উপজেলা থেকে সাতজন এবং হাজীগঞ্জ থেকে জামায়াত-শিবির আরও তিন কর্মীকে আটক করা হয় জানিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাশকতা এড়াতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।”
