২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাইলিংয়ের পাইপে দেয়াল ভেঙে দুই শিশুর মৃত্যু

ঢাকার নবাবগঞ্জে একটি মাদ্রাসায় ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের সময় কেবল ছিঁড়ে লোহার পাইপ পড়ে সীমানা প্রাচীর ভেঙে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2015, 02:41 PM

Updated : 26 Jul 2022, 12:01 PM

বুধবার বেলা ১২টার দিকে স্থানীয় আল আমিন এতিমখানা মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে নবাবগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান জানান।

নিহতরা হল- পুরাতন বান্দুরা গ্রামের হাশেম মিয়ার ছেলে মাহমুদ হাসান (৫) এবং একই এলাকার খুরশীদের ছেলে রাহাত (৭)। এদের মধ্যে রাহাত ওই মাদ্রাসার প্রথম শ্রেণিতে পড়ত।

ওসি জানান, মাদ্রাসার পুরাতন ঘর ভেঙে সেখানে নতুন ভবন নির্মাণের জন্য পাইলিং চলছিল। আর মাদ্রাসার সীমানা প্রাচীরের পাশে খোলা জায়গায় খেলছিল দুই শিশু।

“কেবল ছিঁড়ে গেলে পাইলিংয়ের পাইপ পাশের ওই দেয়ালের ওপর পড়ে। দেয়াল ভেঙে পড়লে তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় মাহমুদ ও রাহাত।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের কাজ শুরু করে বলে জানান ওসি।

রাহাতের বাবা খুরশীদের অভিযোগ, কর্তৃপক্ষের অসাবধানতার কারণেই তার একমাত্র ছেলের মৃত্যু হয়েছে।

তবে এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ বা ঠিকাদারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।