টাঙ্গাইলে ট্রাক খাদে, নিহত ৩
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মালবোঝাই একটি ট্রাক রাস্তার পাশে খাদে পড়ে তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন।
বুধবার ভোর ৫টার দিকে উপজেলার আছিমতলা এলাকায় বঙ্গবন্ধু সেতুগামী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মহাসড়ক পুলিশের গোড়াই থানার ওসি হুমায়ুন কবির জানান।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মো. শাহজাহান মিয়া (৫৫)। পেশায় কাপড় ব্যবসায়ী শাহজাহানের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, ঢেউ টিন নিয়ে ট্রাকটি কেরানীগঞ্জ থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল। ভোরের দিকে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাহনটি ওই খাদে পড়ে যায়।
এতে আরোহীরা টিনের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
ঘটনাস্থল থেকে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে জামুর্কী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
