২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার হার ৭০ ভাগ: সংসদে তথ্য প্রকাশ

বাংলাদেশে বর্তমানে শিক্ষিতের হার শতকরা ৭০ ভাগ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2015, 01:39 AM

Updated : 25 Apr 2022, 01:30 PM

সরকার দলীয় সাংসদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের করা এক প্রশ্নের জবাবে মঙ্গলবার তিনি সংসদে এই তথ্য জানান।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এই তথ্য জানিয়ে মন্ত্রী শিক্ষার হার বাড়াতে সরকারের বিভিন্ন পদক্ষেপও তুলে ধরেন।

নারায়ণগঞ্জের সাংসদ গোলাম দস্তগীর গাজীর করা প্রশ্নে মন্ত্রী জানান, ঢাকা শহরের ৬০টি স্কুলে পাঠ্যপুস্তক বোর্ড বইয়ের ইংরেজি ভার্সন পড়ানো হয়।

সংরক্ষিত নারী আসনের সাংসদ ফিরোজা বেগম চিনুর প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের এমপিওভুক্ত স্কুল সংখ্যা ১৬ হাজার ৮৭টি এবং কলেজের সংখ্যা ২ হাজার ৩৬৩টি।

মন্ত্রী জানান, মাদ্রাসা এবং টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানসহ এমপিওভূক্ত মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২৭ হাজার ৫৫৮টি। এছাড়া এমপিওহীন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৬ হাজার ৩৬টি।

বর্তমান সরকার তাদের গত মেয়াদে (২০১০ সালে) ১৬২৪টি বেসরকারি স্কুলকে এমপিওভুক্ত করেছে বলেও জানান তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও নীতিমালা প্রণয়নের কাজ চলছে।

পটুয়াখালীর সাংসদ আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের উপজেলা পর্যায়ে ১৩৩টি মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণ করা হয়েছে। এরমধ্যে বালিকা বিদ্যালয়ের সংখ্যা ৭০।

অন্য এক সাংসদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশে ৫২ জেলায় ৫৫টি প্রাইমারি শিক্ষক ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে।

গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে ৫ম সংসদ থেকে ৯ম সংসদের মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের তালিকা উপস্থাপন করেন সংসদ কাজে মন্ত্রিপরিষদের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী।

তালিকায় দেখা যায়, পঞ্চম সংসদে খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্বে ৪৯জন, ষষ্ঠ সংসদে খালেদা ছাড়া ২৬জন, ৭ম সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া ৪৮জন, ৮ম সংসদে খালেদা জিয়া ছাড়া ৬০জন এবং নবম সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া ৬৩জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী ছিলেন।