২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ২৪ ঘণ্টায় চারজন খুন

পাবনার ঈশ্বরদী ও আতাইকুলা উপজেলায় ২৪ ঘণ্টার মধ্যে চারজনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 11:28 PM

Updated : 22 Aug 2022, 12:36 PM

সোমবার রাত থেকে মঙ্গলবার সন্ধ্যার মধ্যে যে চারজন খুন হন, তাদের মধ্যে এক গৃহবধূসহ তিনজন ঈশ্বরদী উপজেলার এবং একজন আতাইকুলার।

এর মধ্যে ঈশ্বরদীর তিন হত্যার ঘটনার একটিতে জড়িত সন্দেহে একজনকে পুলিশ আটক করেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস।

ঈশ্বরদীতে নিহত তিনজন হলেন- রহিমপুর এলাকার আলতাব শেখের ছেলে নৈশ প্রহরী আলম শেখ (৩৮), চররুপপুর সরদারপাড়া গ্রামের মাহাবুল বিশ্বাসের স্ত্রী আকলিমা বেগম (৩০) এবং উপজেলার পাকশি রেললাইন এলাকায় খুন হন আব্দুল জলিল (৬০) নামে এক বৃদ্ধ। জলিলের বাড়ি বেড়া উপজেলার কাজিরহাট গ্রামে।

ওসি বিমান কুমার জানান, এদের মধ্যে নৈশ প্রহরী আলমকে হত্যায় জড়িত সন্দেহে মেহেদি হাসান নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে রাতের পাহারা শেষে মঙ্গলবার ভোরে বাড়ি ফেরার পথে ঈশ্বরদী পৌর এলাকার বাবুপাড়ায় নৈশ প্রহরী আলমকে কুপিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত।

পুলিশ কর্মকর্তা বিমান আরও জানান, সোমবার রাতে চররুপপুর সরদারপাড়া গ্রামে গৃহবধূ আকলিমাকে তার শ্বশুর বাড়ির লোকজন পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ পাওয়া যায়। ঘটনার পর তার শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে গেছে।

এছাড়া একই রাতে দুর্বৃত্তরা পাকশী রেললাইনের পাতিবিল এলাকায় জলিল নামের এক বৃদ্ধ ব্যক্তিকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়। রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

তবে জলিল নিজেই লাফিয়ে পড়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলেও সন্দেহের মধ্যে রাখছে পুলিশ।

ঈশ্বরদীর ওসি বিমান বলেন, তিনজন খুনের ঘটনায় থানায় তিনটি মামলার পাশাপাশি খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

অন্যদিকে মঙ্গলবার বিকালে আতাইকুলা বাজারে সন্দেহজনক চলাফেরার কারণে স্থানীয়রা শামীম নামে এক যুবককে পিটুনি দিয়ে পুলিশে দেয়।

আতাইকুলা থানার ওসি নূরে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরে তাকে উদ্ধার করে দ্রুত পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে সন্ধ্যায় তিনি মারা যান।

নিহত শামীম শেখ (২৪) ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের ইব্রাহিম শেখের ছেলে।

শামিম ‘মানসিক ভারসাম্যহীন’ ছিল বলে পুলিশ জানিয়েছে। তার ভাই শেখ মেহেদী হাসান বলেন, শামীম মাঝে মধ্যেই বাড়ি থেকে বের হয়, আবার ফিরে আসে।