২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আরও চার বিলবোর্ড উচ্ছেদ

অবৈধ বিলবোর্ডের বিরুদ্ধে চলমান অভিযানে আরও চারটি বিলবোর্ড, তিনটি গেট ও ৩০টি সাইনবোর্ড উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 10:13 PM

Updated : 22 Aug 2022, 12:36 PM

মঙ্গলবার নগরীর গণি বেকারীর মোড়, চট্টগ্রাম কলেজের হোস্টেল গেট ও গুলজার মোড়ে পরিচালিত অভিযানে দুই বিজ্ঞাপনী সংস্থাকে ১৩ হাজার টাকা জরিমানাও করা হয়।

উচ্ছেদ করা বিলবোর্ডের মধ্যে গণি বেকারির মোড় থেকে একটি, হোস্টেল গেটের সামনে থেকে একটি ও গোলজার মোড় থেকে দুটি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছেন সিসিসির নির্বাহী হাকিমের পেশকার মো. জাফর।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযানে বিজ্ঞাপনী সংস্থা নাহিন অ্যাডের দুটি, নিউ অ্যাডওয়ে একটি ও চিটাগাং বিজ্ঞান কলেজের একটি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে।

পাশাপাশি নিউ অ্যাডওয়েকে তিন হাজার টাকা ও নাহিন এ্যাডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গণি বেকারির মোড় থেকে গোলজার মোড় পর্যন্ত সড়কের দুপাশ থেকে ৩০টি সাইনবোর্ড ও চারটি গেটও উচ্ছেদ করা হয়েছে বলে জানান জাফর।

সিসিসির নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির চট্টগ্রাম নগরীকে অবৈধ বিলবোর্ডমুক্ত করার ঘোষণা দেওয়ার পর জুনের ১ তারিখ থেকে অবৈধ বিলবোর্ড উচ্ছেদে নামে সিসিসি।