বেনাপোলে নারী ও শিশুসহ ভারতফেরত ২২ জন আটক
অবৈধভাবে ভারতে গিয়ে বাংলাদেশে ফেরার সময় বেনাপোল সীমান্তে নারী ও শিশুসহ ২২ জন আটক হয়েছে।
সোমবার মধ্যরাতে বেনাপোলের গাতিপাড়া সড়ক থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বেনাপোল চেকপোস্ট ক্যাম্প কমান্ডার আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এরা বিভিন্ন সময়ে দালালদের মাধ্যমে ভারতে গিয়ে বাসা-বাড়ি ও কারখানায় কাজ করতো।
অভিযানের সময় কোনো দালাল বা পাচারকারীকে ধরা পড়েনি বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
আটককৃতরা হলেন- ঝালকাঠির বাবুল হোসেন (২৮), পিরোজপুরের সেলিম হোসেন (২৯) ও তার স্ত্রী রহিমা আক্তার (২২), ছেলে শাকিব হাসান (০৭), সাতক্ষীরার প্রবীর সাধু (৩০), তরিকুল ইসলাম (৩৮) ও তার স্ত্রী দোলনা বেগম (২৬), নড়াইলের সাকিব খান (২৩), খুলনার হাসান মিয়া (২৬), ইরুন শেখ (৪০), রাশিদা (৩০), সনিয়া (১৪), সানিয়া (১২), খুশি (০৯), শাকিল (০৭), বরিশালের রাসনা শেখ (২৫) ও কামাল শেখ (২৮)।
বেনাপোল বন্দর থানার এসআই তাজুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় মামলার পর আটকদের যশোর আদালতে পাঠানো হয়।
