দুটি সাবমেরিনে ত্রিমাত্রিক হচ্ছে নৌবাহিনী
আগামী বছরে দুটি সাবমেরিন সংযোজনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী একটি পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হচ্ছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব।
সোমবার চট্টগ্রামের নেভাল একাডেমিতে নৌবাহিনীর নবীন কর্মকর্তাদের কমিশন লাভ ও গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
নৌ প্রধান ফরিদ হাবিব বলেন, বিশাল সমুদ্রাঞ্চলের সম্পদ ও তার সার্বিক নিরাপত্তার গুরুদায়িত্ব নৌবাহিনীর হাতে। সেই গুরুদায়িত্ব পালনে নৌবাহিনী সদা প্রস্তুত।
নৌবাহিনীর আধুনিকায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, গত কয়েক বছরে নৌবাহিনীর বহরে উল্লেখযোগ্য জাহাজ সংযোজিত হয়েছে।
“হেলিকপ্টার ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সংযোজনের মধ্য দিয়ে ইতোমধ্যে নৌবাহিনীর দ্বি-মাত্রিক সক্ষমতা অর্জিত হয়েছে।”
আগামী বছরের মধ্যে দুটি সাবমেরিন আসবে জানিয়ে তিনি বলেন, “সাবমেরিন সংযোজনের মধ্য দিয়ে একটি পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক নৌবাহিনী গঠনের স্বপ্ন বাস্তবায়িত হবে।”
অনুষ্ঠানে নৌবাহিনীর ২০১৫/এ ব্যাচের চারজনকে ডাইরেক্ট এন্ট্রি অফিসার, ২০১৩/বি ব্যাচের ৫৬ জনকে মিডশিপম্যানসহ মোট ৬০ কর্মকর্তাকে কমিশন দেওয়া হয়।
ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০১৫/এ ব্যাচ হতে ইন্সট্রাক্টর এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট ফারুকুল ইসলাম শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী হিসেবে ‘শহীদ মোয়াজ্জেম পদক’ লাভ করেন।
সেরা চৌকস মিডশিপম্যান হিসেবে ‘সোর্ড অব অনার’ অর্জন করেন ২০১৩/বি ব্যাচের মো. আল আমিন।
এছাড়াও মিডশিপম্যান সানজিদা আফরোজ সাদিয়া দ্বিতীয় শ্রেষ্ঠ মান অর্জনকারী হিসেবে ‘বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্বর্ণপদক’ লাভ করেন।
‘নৌ প্রধান স্বর্ণপদক’ লাভ করেন মিডশিপম্যান মিজানুল হক ইমরান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাংসদ মাইনুদ্দিন খান বাদল, নৌ সদর দপ্তরের পিএসওগণ, চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডারগণ, চট্টগ্রাম অঞ্চলের সেনা ও বিমানবাহিনীর আঞ্চলিক অধিনায়করা।
