গাজীপুরে এসি বিস্ফোরণে যুবক দগ্ধ
গাজীপুর সিটি করপোরেশনের চান্দনায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণে এক যুবক দগ্ধ হয়েছেন।
সোমবার দুপুরে দগ্ধ আবু হানিফকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হানিফ ময়মসসিংহের পাগলা থানার ছোট বড়ইহাটি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
জয়দেবপুর থানার এসআই মো. রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১টার দিকে চান্দনা চৌরাস্তা সংলগ্ন একটি ক্লিনিকের ভবনে বিলবোর্ড লাগাচ্ছিলেন হানিফ।
এ সময় পাশের ভবনের একটি এসির বিস্ফোরণে দগ্ধ হন ওই যুবক।
স্থানীয়রা হানিফকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানোর পরামর্শ দেন।
হানিফের শরীরে প্রায় ২৫ শতাংশ পুড়ে গেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম সরকার।
