২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে গৃহকর্তাসহ ৩ জনকে কুপিয়ে টাকা লুট

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় একটি বাসায় ডাকাতরা হামলা চালিয়ে গৃহকর্তাসহ তার স্ত্রী ও  ছেলেকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ঘরে থাকা ৯০ হাজার টাকা লুটে নিয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 04:48 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

রোববার গভীর রাতে কারমারগ্রামের চরপাড়া এলাকার আক্তার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে বলে আলফাডাঙ্গা থানার এসআই মো. হাসিবুজ্জামান জানান।

আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আক্তার হোসেন (৬০) এবং তার স্ত্রী রাহেলা বেগম (৫৬) ও তাদের ছেলে সেকেন্দার মুন্সী (৪৪) আহত হয়েছেন।  

আহত সেকেন্দার হাসপাতাল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গভীর রাতে ৭/৮ জন দেশীয় অস্ত্রধারী তাদের বাড়িতে হানা দেয়। অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে এবং ঘরে থাকা ৯০ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে।

“এ সময় আমি বাধা দিতে গেলে ডাকাতরা আমাদের তিনজনকেই ধরাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।”

টের পেয়ে প্রতিবেশীরা এসে তাদের স্থানীয় হাসপাতালে নেয়। পরে সেখান থেকে তাদের ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।