মুক্তাগাছায় অটো-পিকআপ সংঘর্ষে নিহত ৬
ময়মনসিংহের মুক্তাগাছায় পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার চালকসহ ছয় আরোহী নিহত এবং দুজন আহত হয়েছেন।
মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন জানান, সকাল ১০টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের লেংড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশা চালক মন্টু, সালাম, জয়নাল, নবীরন, তোফাইন্না (৭০) ও আবুল কাশেম (৭২)।
ওসি কামাল বলেন, কালিবাজার থেকে মুক্তাগাছাগামী অটোরিকশাটির সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোর চার আরোহী ঘটনাস্থলেই মারা যান। আহত হন দুই গাড়ির আরও চারজন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।
আহত দুজনকে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি।
