বগুড়ায় ট্রাকচাপায় ২ শিশুর মৃত্যু
বগুড়া সদর উপজেলায় সারবোঝাই ট্রাকের চাপায় দুই শিশু নিহত হয়েছে।
এরা হলো- উপজেলার গোদারপাড়া এলাকার আলমগীরের ছেলে হাবিব (১২) ও সর্দারপাড়া এলাকার নূর নবীর ছেলে সিয়াম (১১)।
বগুড়ার সদর থানার ওসি আবুল বাশার জানান, শনিবার দুপুরে বগুড়া-নওগাঁ মহাসড়কে জাহিদুর রহমান মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।
ওসি আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোদারপাড়া এলাকায় ওই মহিলা কলেজের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় নওগাঁ থেকে বগুড়াগামী সারবোঝাই একটি ট্রাক হাবিব ও সিয়ামকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে শিশু হাবিব ঘটনাস্থলেই মারা যায়।
পুলিশ কর্মকর্তা বাশার বলেন, স্থানীয়রা আহত অবস্থায় সিয়ামকে উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি পর বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়।
