ছাত্রের মাথা ফাটিয়েছেন প্রধান শিক্ষক
চুয়াডাঙ্গা সদর উপজলায় শ্রেণিকক্ষে মেরে এক শিশু শিক্ষার্থীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে একটি কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
স্কুলে শিক্ষার্থীদের নির্যাতনে মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার মধ্যে শনিবার উপজেলার দৌলাতদিয়াড় গ্রামের অক্সফোর্ড মডেল স্কুলে এ ঘটনা ঘটেছে।
আহত সাকিবুল হাসান (৯) ওই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র এবং উপজেলার আলোকদিয়া ইউনিয়নের হাতিকাটা গ্রামের আসলাম উদ্দিনের ছেলে।
শিশুটির পরিবারের অভিযোগ, ক্লাসে হাতের লেখা ভালোভাবে করতে না পারায় তাকে এভাবে বেঞ্চের সঙ্গে মাথা ঠুকে এবং দেয়ালে সঙ্গে ধাক্কা মারেন প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম জান্টু।
এ ব্যাপারে জানার জন্য স্কুলে গেলে ওই ছাত্রের দাদা আলতাফ মন্ডলকেও ঘুষি মেরে আহত করার অভিযোগ রয়েছে।
আসলাম উদ্দিন বলেন, শনিবার সকালে স্কুলে যাওয়ার পর প্রধান শিক্ষক ক্লাসরুমে সাকিবুলকে হাতের লেখা লিখতে বলেন। হাতের খেলা ভালো না হওয়ায় তার মাথা দুহাতে ধরে বেঞ্চের সঙ্গে একাধিকবার আঘাত করেন প্রধানশিক্ষক। পরে স্কেল দিয়েও মাথায় আঘাত করেন।
“এতে সাকিবুলের মাথা কেটে রক্ত বের হলে প্রধান শিক্ষক তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান এবং মাথায় ব্যান্ডেজ করিয়ে আনেন।”
এ ঘটনা জানাজানি হলে সাকিবুলের দাদা আলতাফ মন্ডল স্কুলে গিয়ে ঘটনার প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন আসলাম উদ্দিন।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় স্কুলের প্রধান শিক্ষককে আসামি করে একটি মামলা করেছেন জানিয়েছেন সদর থানার এসআই শরিফুল ইসলাম।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম জান্টু বলেন, “স্কুলের সব ছাত্রকে প্যারাগ্রাফ লিখতে দেওয়া হয়েছিল। সাকিবুল লেখেনি।
“তাই তাকে বাইরে গিয়ে এসে কান ধরে দাঁড়াতে বলা হয়েছিল। সে তারপরও বসে থাকায় হাত ধরে টেনে বের করতে গেলে পাশের ছেলের হাতে থাকা স্কেলে তার কপাল কেটে যায়।”
