টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক নিহত
গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার রাতে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত রিংকু (২৫) টঙ্গীর গোপালপুরের আব্দুল কাইয়ুমের ছেলে।
ছিনতাইয়ে জড়িত অভিযোগে আল আমিন (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে টঙ্গী থানার এসআই মো. সামসুল আলম বিডিনিউজ টোয়েণ্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত ১০টার দিকে রিংকু বাড়িতে ফেরার সময় স্টেশন রোড এলাকায় একদল ছিনতাইকারীর কবলে পড়েন।
রিংকু বাধা দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। এসময় রিংকুর চিৎকারে স্থানীয়রা ছিনতাইকারীদের ধাওয়া করে আল আমিনকে ধরে ফেলে বলে পুলিশ জানিয়েছে।
রিংকুকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গণপিটুনিতে আহত আল আমিনকে টঙ্গী সরকারি হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।
এ ঘটনায় টঙ্গী থানায় মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
