২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছাত্রদল নেতা কারাফটক থেকে গ্রেপ্তার

জামিনে মুক্তি পাওয়ার পরপরই কারাফটকে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম নগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক টিংকু দাশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2015, 09:16 PM

Updated : 22 Aug 2022, 12:33 PM

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারগারের ফটক থেকে কোতোয়ালি থানার একটি মামলায় গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে ।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এসএম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারাগার থেকে ছাড়া পাওয়ার পর কোতোয়ালি থানার মামলায় টিংকু দাশকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

চট্টগ্রামের ডেপুটি জেলার মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৯ জানুয়ারি থেকে কারাগারে ছিলেন টিংকু দাশ। তার বিরুদ্ধে চারটি মামলায় তিনটিতে তিনি জামিন পেয়েছেন।

জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই করে দুপুরে তাকে মুক্তি দেওয়া হয় বলে জানান তিনি।  

কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৫ জানুয়ারি নগর বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের ওপর হামলা ও নাশকতার ঘটনায় হওয়ায় মামলায় টিংকুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত বছরের ৬ জানুয়ারি জাতীয় নির্বাচনের পরদিন নগরীর পলিটেকনিক এলাকায় পেট্রোল বোমায় দগ্ধ হন লেগুনাচালক মিতুল। এরপর ১০ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

এ ঘটনায় করা হত্যা মামলার প্রধান আসামি সাবেক ছাত্রদল নেতা টিংকু। ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া অন্যদের জবানবন্দিতেও তার নাম এসেছিল।

এছাড়াও এ মামলায়ও বেশ কিছুদিন কারাগারে ছিলেন টিংকু দাশ।