মুন্সীগঞ্জে গৃহবধূকে ‘শ্বাসরোধে হত্যা’, শাশুড়ি আটক
মুন্সীগঞ্জ জেলা সদরের শহরের এক তরুণীকে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকেরা শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নিহতের শাশুড়িকে আটক করেছে পুলিশ। তবে নিহতের স্বামী পালিয়ে গেছে।
বুধবার রাতে পাঁচঘড়িয়াকান্দিতে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি ইউনুচ আলী জানান।
বৃহস্পতিবার সকালে মরিয়ম আক্তার নিশি নামের ১৮ বছর বয়সী ওই তরুণীর লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
ওসি জানান, নিশির পরিবারের অভিযোগের ভিত্তিতে তার শাশুড়ি ফাতেমা বেগমকে (৫০) আটক করা হয়েছে। নিশির স্বামী আল আমিন ব্যাপারীর সন্ধানে পুলিশের অভিযান চলছে।
প্রায় তিন বছর আগে গনকপাড়া গ্রামের আক্তার হোসেনের মেয়ে নিশির সঙ্গে আমিনের বিয়ে হয়। তাদের নয় মাস বয়সী এক সন্তান রয়েছে।
নিশির মা শেফালী বেগম পুলিশকে বলেছেন, মাদকাসক্ত আমিন কোনো কাজ করত না। নিশির সঙ্গে তার কলহ লেগেই থাকত।
“গতরাতে কলহের এক পর্যায়ে নিশিকে শ্বাসরোধ করে হত্যার পর আমিন পালিয়ে যায় বলে অভিযোগ করেছেন নিশির মা। তিনি বলছেন, এ ঘটনায় নিশির শাশুড়ি ফাতেমাও জড়িত ছিলেন।”
সদর থানার ওসি ইউনুচ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাটি যে হত্যাকাণ্ড এটি নিশ্চিত। শেফালী বেগম বাদী হয়ে থানায় মামলা করবেন।”
