বিএসএফের নির্যাতনে আহত বাংলাদেশি যুবক
নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্তে বিএসএফের নির্যাতনে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
আহত সানোয়ার হোসেন (২৪) উপজেলার দিঘীরহাট গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার ভোরে সীমান্ত এলাকার ২৩৭ মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
সানোয়ার হোসেন বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে এলাকার ১০/১২ জনসহ অবৈধ পথে সীমান্তের ২৩৭ মেইন পিলার এলাকা দিয়ে ভারতে গরু আনতে যান।
ওই সময় ভারতের বামনগোলা থানার পান্নাপুর বিএসএফ ক্যাম্পের একটি টহল দল তাদের ধাওয়া করে। অন্যরা বাংলাদেশে পালিয়ে আসতে পারলেও বিএসএফের হাতে ধরা পড়েন সানোয়ার।
পরে বিএসএফ সদস্যরা তাকে লোহার রড ও বাঁশ দিয়ে মারধর করার পর বুধবার ভোর রাতে ২৩৭ নম্বর পিলারের পাশ দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়।
বিজিবি ১৪ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রফিক জানান, সকালে হাপানিয়া বিজিবি ক্যাম্পের একটি টহল দল বিষয়টি জানতে পেরে সানোয়ারকে উপজেলা খড়িবোনা গ্রাম থেকে আটক করে।
পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয় এবং পুলিশ তাকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
সানোয়ারের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে বলে জানান তিনি।
সাপাহার থানার ওসি জাহিদুর রহমান চৌধুরী জানান, সানোয়ারের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সুস্থ্ হওয়ার পর তাকে আদালতে হাজির করা হবে।
