গোসাইরহাটে পোশাককর্মী খুন, ১ জনের স্বীকারোক্তি
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় পোশাককর্মী রিনা আক্তার হত্যার ঘটনায় গ্রেপ্তার এক ব্যক্তি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে।
বুধবার শরীয়তপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. আমিনুল ইসলামের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন রুবেল সরদার।
শরীয়তপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমন দেব জবানবন্দির বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার গোসাইরহাটে মেঘনার একটি শাখা নদী থেকে গৃহবধূ রিনা আক্তারের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে থানা পুলিশ।
ওই ঘটনায় গোসাইরহাট থানার এসআই শাহ আলম বাদী হয়ে রিনার স্বামীসহ চার জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
তাদের মধ্যে রুবেল সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক রয়েছেন রিনার স্বামী আব্দুল কাদের সরদার এবং তার দুই সহযোগী মাসুদ ও শামীম।
এদিকে নিহত গৃহবধূ রিনা আক্তারের মরদেহ ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মুফিদুল ইসলামকে দেওয়া হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরকুমারিয়া ইউনিয়নের জালাল সরদারের ছেলে আব্দুল কাদের ঢাকায় পোশাক কারখানায় কাজ করার সময় কুড়িগ্রামের মেয়ে সহকর্মী রিনা আক্তারের সঙ্গে পরিচয় হয়।
তিন মাস আগে তাদের বিয়ে হয়।
গত রোববার (৭ জুন) বেড়াতে যাওয়ার কথা বলে রিনাকে তার স্বামী কাদের তার সহযোগী মাসুদের বোনের বাড়ি পার্শ্ববর্তী মোস্তফা ঢালীর কান্দি গ্রামে নিয়ে যান। এরপর থেকে রিনা নিখোঁজ ছিলেন।
মঙ্গলবার বিকালে গোসাইরহাটের মধ্যকোদালপুর এলাকায় মেঘনার একটি শাখা নদীতে রিনার লাশ ভেসে ওঠে। তার পেটে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
এএসপি সুমন দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ময়নাতদন্ত শেষে পরিবারের কাউকে না পেয়ে রিনার লাশ শ্বশুরবাড়ি লোকজনের কাছে হস্তান্তর করতে চাইলে তারা নেয়নি।
তাই মরদেহ শরীয়তপুরে আঞ্জুমান মুফিদুল ইসলামকে দেওয়া হয় বলে জানান তিনি।
শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার সুমন পোদ্দার জানান, ময়নাতদন্তে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।
