ছাত্রদল নেতার ‘তথ্যে’ গানপাউডার উদ্ধার
ঢাকার লালমাটিয়ার একটি হাসপাতাল থেকে প্রায় এক কেজি গানপাউডার উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তার এক ছাত্রদল নেতার কাছ থেকে তথ্য পেয়ে সোমবার মধ্য রাতে এশিয়ান কার্ডিয়াক হাসপাতালে অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
রোববার রাতে হাজারীবাগের বেড়ীবাধ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ঢাকার ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মহীউদ্দিন আহমেদ রাজিবকে (৩০)।
এক বড় চাপাতিসহ আটকের পর তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে আদালতের অনুমতিতে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ।
হাজারীবাগ থানার উপপরিদর্শক মীর রেজাউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রিমান্ডের প্রথম দিনেই রাজিব জানায়, হাজারীবাগে নাশকতার পরিকল্পনা করেছিল তারা।
“সে এশিয়ান কার্ডিয়াক হাসপাতালের ম্যানেজার। নাশকতার পরিকল্পনার অংশ হিসেবে হাসপাতালের একটি কক্ষের টেলিলের ড্রয়ারে বিস্ফোরক সে লুকিয়ে রেখেছিল।”
পুলিশ ওই হাসপাতালে অভিযান চালিয়ে পুলিশ ৯০০ গ্রাম গানপাউডারের সঙ্গে ৬০০ গ্রাম গন্ধকও পেয়েছে বলে জানান তিনি।
মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুনতাশীরুল ইসলাম জানান, রাজিব হাজারীবাগের ৭০/বি হাজী আফসার উদ্দীন রোডে থাকেন।
তার বিরুদ্ধে থাকায় একাধিক মামলা রয়েছে বলে জানান এসআই রেজাউল।
