২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণে ব্যর্থ হয়ে কলেজছাত্রীকে হত্যার চেষ্টা

টাঙ্গাইলের দেলদুয়ারে এক কলেজছাত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2015, 09:12 PM

Updated : 22 Aug 2022, 12:31 PM

সোমবার দুপুরে এ ঘটনার পর উপজেলার নাল্লাপাড়া আবুল হোসেন কলেজের দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।

কলেজ পরিচালনা কমিটির সদস্য আব্দুস সালাম ভুইয়া জানান, হাসপাতালে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি বলেন, ফুলতারা গ্রামের মেয়েটি (১৬) কলেজ থেকে বাড়ি ফিরছিল। পথে ফুলতারা কলাবাগানের কাছে পৌঁছলে একই গ্রামের খসরু মিয়ার ছেলে সোলাইমান (২০), আরজু মিয়ার ছেলে সাব্বিরসহ (২২) ৪/৫ জন তাকে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় মেয়েটি চিৎকার করতে থাকলে তারা এলোপাথাড়ি কুপিয়ে ও গলা কেটে মৃত ভেবে তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানকার চিকিৎসকদের পরামর্শে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দরিদ্র পরিবারের এ মেয়েটি খুবই মেধাবী হওয়ায় কলেজ থেকে তার লেখাপড়ার দায়িত্ব নেওয়া হয়েছে বলে জানান আব্দুস সালাম।

দেলদুয়ার থানার ওসি মোশারফ হোসেন জানান, তিনি হাসপাতালে গিয়ে মেয়েটির সঙ্গে কথা বলেছেন। আসামিদের নাম পরিচয় পাওয়া গেছে। তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে।