২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেভি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্টে মন্ত্রিসভার সায়

সামরিক শাসনামলের নৌ বাহিনী নিয়ে তিনটি অধ্যাদেশ একত্র করে একটি আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2015, 04:36 PM

Updated : 22 Aug 2022, 12:32 PM

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘নেভি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১৫’ এর খসড়া অনুমোদিত হয়।

সচিবালয়ে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “এ আইনের মূল হচ্ছে ‘নেভি অর্ডিনেন্স ১৯৬১’ যা সামরিক শাসনামলে ১৯৭৬, ১৯৭৭ এবং ১৯৮৬ সালে সংশোধনী অধ্যদেশ জারি করা হয়।

“প্রতিরক্ষা মন্ত্রণালয় অধ্যাদেশের তিন সংশোধনীর বিষয়বস্তু একত্রে করে একটি আইন জারির প্রস্তাব মন্ত্রিসভায় নিয়ে আসলে তা ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।”

সর্বোচ্চ আদালদের রায় ও মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী দু্টি সামরিক শাসনামলের জারিকৃত  প্রয়োজনীয় অধ্যাদেশ আইনে পরিবর্তন করতেই এ উদ্যোগ বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

অধ্যাদেশ থেকে আইনে রূপান্তরে তেমন পরিবর্তন হয়নি জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এখানে শুধু পাকিস্তানের পরিবর্তে বাংলাদেশ, রুপির পরিবর্তে টাকা ইত্যাদি পরিবর্তন করা হয়েছে।”