পাওনা টাকার মামলা করায় অপহরণের অভিযোগ
চেক প্রত্যাখ্যানের পর টাকা আদায়ের মামলায় করায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় এক বিএনপি নেতাকে অপহরণের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
শুক্রবার কুমারখালী থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন কুমারখালীর চাপড়া ইউনিয়ন বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক মিরাজুল হকের (৪৫) স্ত্রী সাকিলা খাতুন সখি (৩৫)।
মিরাজুল লাহিনী পাড়া গ্রামের প্রয়াত আব্দুল গণি সেখের ছেলে।
সাকিলা খাতুন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নিজের ইটভাটা থেকে বাড়ি ফেরার পথে সর্বশেষ মোবাইলে কথা হয় মিরাজুলের সঙ্গে। এরপর তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। তার মোবাইল ফোনও (০১৭১২-৭১৬৩২৭) বন্ধ রয়েছে।
মিরাজুলের খোঁজ না পেয়ে তারা চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানান সাকিলা।
মিরাজুলের মালিকানার ‘গড়াই ব্রীকস’র ম্যানেজার ও মিরাজুলের নিকটাত্মীয় শহর আলী জানান, আওয়ামী লীগ নেতা মোমিজের দেওয়া ৫২ লাখ টাকার চেক ব্যাংক থেকে প্রত্যাখ্যাত হওয়ায় প্রায় দুইমাস আগে আদালতে মামলা করেছিলেন মিরাজুল।
এ কারণে বিবাদীসহ তার লোকজনের হুমকিতে শহরের কোর্টপাড়াস্থ বাসা ছেড়ে দিয়ে নিরাপত্তার জন্য পরিবার পরিজন নিয়ে মিরাজুল লাহিনী পাড়ার বাড়িতে চলে যেতে বাধ্য হন।
কুমারখালী থানার ওসি মহিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘নিখোঁজ’ মিরাজুলের স্ত্রী সাকিলা খাতুনের দেওয়া জিডির সূত্র ধরে মিরাজুলের সন্ধানে ইতোমধ্যেই পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
মিরাজুলের মোবাইল কল লিস্ট ধরে অবস্থান সনাক্তের প্রক্রিয়া চলছে। যত দ্রুত সম্ভব মিরাজুলকে উদ্ধারে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
