নেত্রকোণায় অটোরিকশা চালক খুন, জেলায় ধর্মঘট
নেত্রকোণার পূর্বধলায় অটোরিকশা চালকের খুনিদের গ্রেপ্তারের দাবিতে জেলায় ধর্মঘট করছে ওই পরিবহনের শ্রমিকরা।
বৃহস্পতিবার সকাল থেকে জেলায় অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে।
বুধবার রাতে নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে পূর্বধলা উপজেলার নারান্দিয়া এলাকায় দুর্বৃত্তদের চুরিকাঘাতে নিহত হন এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক হক মিয়া (৩০)।
তিনি নেত্রকোণা সদরের বালি গ্রামের আব্দুস সোবহানের ছেলে।
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে নারান্দিয়া এলাকায় একদল দুর্বৃত্ত ওই অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে।
পৌনে ১০টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য দুপুরে লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই হত্যার রহস্য উদঘাটনে পুলিশ চেষ্টা করছে। খুনিদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে নেমেছে বলে জানান তিনি।
নেত্রকোণা জেলা অটোরিকশা শ্রমীক লীগের সাধারণ সম্পাদক সোলায়মান মিয়া বলেন, হক মিয়ার হত্যাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
তবে, ধর্মঘট কত সময় ধরে চলবে তা তিনি জানাতে পারেননি।
