কারাফটকে ফের গ্রেপ্তার জামায়াত নেতা শামসুল
জামিনে মুক্তি পাওয়ার পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামীর আমির আ ন ম শামসুল ইসলাম।
মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এসএম তানভীর আরাফাত জানান, বুধবার সকালে কারাগার থেকে জামিনে ছাড়া পাওয়ার পর জেলা পুলিশের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
গত বছরের ১২ মে নগরীর দেওয়ান বাজার এলাকায় জামায়াত ইসলামীর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে অভিযান চালিয়ে ২১ নেতাকর্মীসহ শামসুলকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর থেকেই কারাগারে আছেন বিএনপি-জামায়াত জোট থেকে নির্বাচিত সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক এই সাংসদ।
গত বছরের ১৬ জুলাই জামিনে ছাড়া পাওয়ার পর লোহাগাড়া থানার দুটি মামলায় কারাফটক থেকে জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. মনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রথম দফায় ১০টি ও পরের বার পাঁচটি মামলায় তিনি কারাগারে ছিলেন।
পরের চারটি মামলায় জামিন হওয়ার পর মঙ্গলবার পাঁচলাইশ থানার একটি মামলায়ও তিনি জামিন পান।
মঙ্গলবার সন্ধ্যায় জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তা যাচাই করে বুধবার তাকে ছেড়ে দেওয়া হয়। এরপরই আবার গ্রেপ্তার হলেন তিনি।
