২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইউনিয়ন নির্বাচনে ইভিএমের সিদ্ধান্ত হয়নি’

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত হয়নি বলে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2015, 11:29 PM

Updated : 22 Aug 2022, 12:23 PM

চট্টগ্রামের সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মঙ্গলবার সংসদে আইনমন্ত্রী আনিসুল হক এই কথা বলেন। সংসদ কাজে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে তিনি একথা বলেন।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে কি না-এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন আগামীতে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের বিষয়ে এখনও সিদ্ধান্ত গ্রহণ করেনি।

“তবে এ বিষয়ে আইনি ব্যবস্থা রাখার জন্য ইউনিয়ন পরিষদ নির্বাচন (ইলেকট্রনিক ভোটিং মেশিন) বিধিমালা-২০১৫ চূড়ান্ত করা হয়েছে এবং গত ২৬ এপ্রিল গেজেট প্রকাশিত হয়েছে।

“অতীতে কয়েকটি স্থানীয় সরকার নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হয়েছে। কয়েকটি স্থানে মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে ফলাফল প্রকাশে অসুবিধা হয়। মেশিনগুলি সম্পূর্ণভাবে ত্রুটিমুক্ত করার পর কমিশন পুনরায় বিষয়টি বিবেচনা করবে।”

চট্টগ্রাম-৪ আসনের সাংসদ দিদারুল আলমের অপর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “হ্যাঁ, নির্বাচন কমিশন ৫ বছর মেয়াদি একটি প্রকল্পের আওতায় জাতীয় পরিচয়পত্র জালিয়াতি রোধে এবং তথ্য যাচাই সহজ করতে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র প্রদানের কার্যক্রম বাস্তবায়ন করছে।

“জাতীয় পরিচয়পত্র জালিয়ারি রোধে স্মার্ট জাতীয় পরিচয়পত্রে ৩ স্তরে প্রায় ২৫টির মত নিরাপত্তা বৈশিষ্ট্য সন্নিবেশিত করা হয়েছে, যা একটি টেকসই নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র হিসাবে পরিগণিত হবে।

“প্রথম স্তরের নিরাপত্তা বৈশিষ্ট্যসমূহ খালিচোখে দৃশ্যমান হবে। দ্বিতীয় স্তরের নিরাপত্তা বৈশিষ্ট্যসমূহ দেখার জন্য প্রয়োজন হবে বহনযোগ্য যন্ত্রাংশ যেমন ইউভি লাইট, ম্যাগনিফাইয়িং গ্লাস ইত্যাদি।

“তৃতীয় স্তরের নিরাপত্তা বৈশিষ্ট্যসমূহ দেখার জন্য কোনো ল্যাবরেটরিতে ফরেনসিক টেস্ট করার প্রয়োজন হবে। স্মার্ট কার্ড প্রদানের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। কার্ড প্রস্তুতের কার্যক্রম শীঘ্রই শুরু হবে।”