চট্টগ্রামে জমির বিরোধে সংঘর্ষের ঘটনায় ২ মামলা
চট্টগ্রামের আকবর শাহ এলাকায় দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত ও এক পুলিশ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দুটি মামলা হয়েছে।
ঘটনার দিন সোমবার মধ্যরাতে নিহতের পরিবার ও আহত পুলিশের পক্ষ থেকে মামলা দুটি করা হয় বলে আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ জানান।
এর মধ্যে নিহত আব্দুল করিমের স্ত্রী ফাতেমা বেগমের মামলায় ছয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।
অন্যদিকে আহত পুলিশ সদস্য মোস্তাফিজুর রহমান তার মামলায় ১৫০ থেকে ২০০ জনকে আসামি করেছেন। এতে ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে বলে জানান ওই থানার এসআই মো. জোবায়ের।
সংঘর্ষে জড়িত কাউকে মঙ্গলবার দুপুর পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
জমি নিয়ে বিরোধের জেরে সোমবার সন্ধ্যায় বিশ্বকলোনীর কাছে ফারুক চৌধুরী মাঠে দুই পক্ষের সংঘর্ষ বাঁধে।
এতে মো. আব্দুল করিম (৩৪) নিহত হন। সংঘর্ষ থামাতে গিয়ে আকবর শাহ থানার এসআই মোস্তাফিজুরের কাঁধে গুলি লাগে। তার চিকিৎসা চলছে।
আকবর শাহ থানার পরিদর্শক মনোজ কুমার দে জানান, ফারুক চৌধুরী মাঠ লাগোয়া একখণ্ড জমি নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ রয়েছে।
