মালয়েশিয়ার পথে নিখোঁজ ঝিনাইদহের ৯ যুবক
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুটি গ্রামের নয় যুবক সাগরপথে মালয়েশিয়া যাত্রার পর থেকে নিখোঁজ রয়েছেন।
এরা হলেন মাধবপুর গ্রামের মজনু শেখের ছেলে রমজান শেখ, মনোয়ার শেখের ছেলে সোবহান শেখ, শরিফুল শেখের ছেলে সোহেল শেখ, ওয়াজেদ জোয়ার্দ্দারের ছেলে লিটন জোয়ার্দ্দার, সিরাজ মোল্লার ছেলে হাসান মোল্লা, হবিবর মোল্লার ছেলে নজির মোল্লা ও আব্দুল্লাহ শেখের ছেলে মিরাজ শেখ।
অপর দুজন হলেন ইব্রাহিমপুর গ্রামের মনিরুজ্জামান শেখের ছেলে শাহাবুদ্দিন ও তার এক সঙ্গী তরুণ।
এদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বলে স্বজনরা জানান।
মাধবপুর গ্রামের সাত জনের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
তবে, ইব্রাহিমপুরের শাহাবুদ্দিনের বাবা মনিরুজ্জামান শেখ সোমবার শৈলকুপা থানায় একটি অভিযোগ দয়ের করেছেন।
মনিরুজ্জামান শেখের অভিযোগ, হরিনাকুন্ডু উপজেলার শাখারিদহ গ্রামের মানব পাচারকারি দালাল ইউনুস আলী ও বাশিদেবপুর গ্রামের লাল্টু তার ছেলে ও তরুণ নামে আরেকজনকে সাগর পথে মালয়েশিয়া পাঠিয়েছে।
দুই মাসের বেশি সময় পার হতে চললেও তাদের কোনো সন্ধান মিলছে না।
তিনি বলেন, দালালরা জন প্রতি আড়াই লাখ টাকা করে চেয়েছিল। কিন্তু এখন কিছু বলছে না। কিছু জিজ্ঞেস করলেও কোনো উত্তর দিচ্ছে না।
শৈলকুপা থানার ওসি মো. হাশেম খান বলেন, মানব পাচারের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। আর দালালদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মাধবপুর গ্রামের হাসানের মা আলেয়া বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শৈলকুপার রঘুনন্দুনপুর গ্রামের সোহেল নামে এক মানব পাচারকারি দালাল দুমাসের বেশি সময় আগে রমজান, সোবহান, সোহেল ও লিটনকে সাগর পথে মালয়েশিয়া পাঠায়। এর ২৩ দিন পর হাসান, নজির ও মিরাজকে পাঠায়।
এরপর ওই দালাল জানায়, তারা মালয়েশিয়া পৌঁছে গেছে। প্রতিজনের পরিবারকে আড়াই লাখ টাকা করে যোগাড় করে রাখতে বলে।
আলেয়া জানান, পরে তারা টেলিভিশনের খবরে জানাতে পারেন যে, যারা পানিপথে মালয়েশিয়া গেছে তাদের কোনো খবর নেই, সাগরে ভাসছে।
তার ছেলেসহ সাত জনেরও কোনো খবর মিলছে না। দালাল বলছে তারা জেলে আটক আছে।
বাড়িতে হাসানের সন্তানসম্ভবা স্ত্রী রয়েছে বলে জানান হাসানের মা।
রমজানের বাবা মজনু শেখ জানান, দুমাস আগে তার ছেলে বাড়িতে কাউকে কিছু না বলে চলে যায়। দুদিন পর মোবাইল ফোনে জানায় যে সে চট্টগ্রামে আছে। মালয়েশিয়ার যাওয়া জাহাজে চড়েছে। তারপর থেকে তার কোনো খোঁজ মিলছে না।
নজিরের মা জরিনা বেগম বলেন, দালালের কথামতো জমি বিক্রি ও ঋণ করে টাকা যোগাড় করেছেন। কিন্তু ছেলের খোঁজ মিলছে না।
মিরাজের বাবা আব্দুল্লাহ বলেন, তিনি মালয়েশিয়া থাকেন। ছেলে দালালের কথামতো পানিপথে মালয়েশিয়া রওনা দেয়। খবর পেয়ে তিনি বাড়ি ফিরে এসেছেন। এখন ছেলের সন্ধান মিলছে না।
