বান্দরবানে ডায়রিয়ায় এক জনের মৃত্যু
বান্দরবানের আলীকদমে ডায়রিয়ায় এক নারীর মৃত্যু হয়েছে।
আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিমের সদস্য ডা. ধুংশো মারমা ও চন্তমনি চাকমা জানান, সোমবার ভোরের দিকে উপজেলার দুর্গম রেংতং ম্রো পাড়ার উরকান ম্রোর (৪০) মৃত্যু হয়।
রেংতং ম্রো পাড়ায় গত কয়েকদিন ধরে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
আলীকদম মরুং কল্যাণ সংসদের সভাপতি মেনদন মরুং বলেন, সম্প্রতি বৃষ্টিতে ঝিরি-ছড়ার পানি দূষিত হয়ে পড়েছে। এ পানি খেয়ে দুর্গম পাহাড়ি অঞ্চলগুলোতে ডায়রিয়া দেখা দিয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. মোখলেছুর রহমান বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডায়রিয়ায় আক্রান্ত এলাকায় সেনাবাহিনীর সঙ্গে স্বাস্থ্য বিভাগের একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে।
এছাড়াও ডায়রিয়ায় আক্রান্ত পাড়াবাসীকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সোমবার সকালে চার জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
