রংপুরে অটোরিকশাচালকের বস্তাবন্দি লাশ
রংপুর সদর থেকে নিখোঁজ এক অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ পাওয়া গেছে গঙ্গাচড়া উপজেলায়।
নিহত দুলাল মিয়া (২৫) সদর উপজেলার উত্তম হাজীরহাট এলাকার ফজল মিয়ার ছেলে।
সোমবার বেলা ৪টায় গঙ্গাচড়া উপজেলার খলেয়া গঞ্জিপুর এলাকায় একটি পুকুর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুলাল গত ২১মে সকালে অটোরিকশা চালাতে বের হয়ে আর ফেরেননি।
অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে ২২মে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন দুলালের বাবা।
গঙ্গাচড়া থানার ওসি আব্দুল মান্নান জানান, খলেয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুরে বেলা ৪টার দিকে বস্তাটি ভেসে উঠলে তা দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ গিয়ে বস্তাসহ লাশ উদ্ধার করে।
এদিকে লাশ পাওয়ার খবর পেয়ে দুলালের বাবা ফজল মিয়া ও বড়ভাই দয়াল মিয়া থানায় গিয়ে শনাক্ত করেন বলে জানান তিনি।
