শাহজালালে অর্ধ কোটি টাকার ওষুধ উদ্ধার
শাহজালাল বিমানবন্দরের ডাস্টবিনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৫০ লাখ টাকার ওষুধ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ।
ঢাকা কাস্টমসের ‘প্রিভেনটিভ’ দলের সহকারী কমিশনার মো. শহীদুজ্জামান সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সকাল ১০টার দিকে বিমানবন্দরের কুরিয়ার গেইট ও রানওয়ের মাঝে একটি ডাস্টবিনের পাশে ওষুধের কার্টনগুলো পাওয়া যায়।
তিনি বলেন, ওষুধের প্যাকেটেগুলোর গায়ে বিমানের বিল নম্বর ও আমদানিকারকের নাম ছেড়া অবস্থায় পাওয়া গেছে। বিল নম্বর না থাকায় কোন দেশে থেকে এগুলো আনা হয়েছে তা বলা যাচ্ছে না।
শহীদুজ্জামনের ধারণা, বের হওয়ার সময় কাস্টমস কর্তৃপক্ষের লোকজন সামনে পড়ায় চক্রটি ওষুধগুলো রেখে পালিয়ে যায়।
ওষুধগুলো আমদানি নিষিদ্ধ ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, এলসির মাধ্যমে এসব ওষুধ আনা গেলেও কুরিয়ারের মাধ্যমে তা আমদানির বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে।
