২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ‘অপহৃত’ স্কুলছাত্রী ফরিদপুরে উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ‘অপহৃত’ এক স্কুলছাত্রীকে ফরিদপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব। ওই সময় কথিত অপহরণকারী এক যুবককে গ্রেপ্তার করা হয়।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2015, 04:34 PM

Updated : 22 Aug 2022, 12:23 PM

রোববার রাতে ফরিদপুরের সদরপুর উপজেলার রামচন্দ্রপুর থেকে তাকে উদ্ধার করা হয় বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত শনিবার (২৭ মে) ফতুল্লার বাসা থেকে কোচিং সেন্টারে যাওয়ার পথে মেয়েটিকে (১৪) অপহরণ করা হয় বলে তার পরিবার থানায় অভিযোগ করে।

ফরিদপুর র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় মেয়েটির বাবা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ওই জিডির সূত্র ধরে র‌্যাবের একটি দল ফরিদপুরের সদরপুরের রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালায়।

তিনি বলেন, ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন ট্র্যাকিং করে তার অবস্থান জানা যায়।

পরে সেখানে অভিযান চালিয়ে মেয়টিকে উদ্ধার এবং ‘অপহরণকারী’ লেলিন কাজীকে (১৮) গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।