স্ত্রীকে জবাইয়ের পর স্বামীর আত্মসমর্পণ
রংপুরের বদরগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ী তার স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।
সোমবার ভোরের দিকে রামনাথপুর ইউনিয়নের পুটিরপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
পরে সকাল ৮টার দিকে নিহতের স্বামী নিজেই থানায় এসে আত্মসমর্পণ করে হত্যার কথা স্বীকার করেন বলে বদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান।
নিহত আরিফা বেগম (২৫) বিষ্ণুপুর ইউনিয়নের ছোট হাজিপুর ডাঙ্গাপাড়া গ্রামের সহিরউদ্দীনের মেয়ে।
তার স্বামী মিজানুর রহমান (৩৫) বদরগঞ্জ পৌর এলাকায় ‘উজালা স্টুডিও’ নামে একটি দোকান চালাতেন।
ওসি মোস্তাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালের দিকে মিজানুর নিজেই থানায় এসে জানান, তিনি বাসায় ঘুমন্ত স্ত্রীকে জবাই করেছেন।
“উনি বলেছেন, ‘পারিবারিক কলহের কারণে আমি আরিফাকে খুন করেছি। এর বেশি আর কিছু বলতে পারব না। নিজেও আত্মহত্যা করতে চেয়েছিলাম।’”
আরিফা-মিজানুর দম্পতির আরাফাত নামে তিন বছর বয়সী এবং রিফাত নামে পাঁচ বছর বয়সী দুই ছেলে রয়েছে।
নিহতের বড় ভাই শহীদুল ইসলাম এ ঘটনায় মিজানুরের নামে হত্যা মামলা করেছেন বলে পুলিশ জানিয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
