আকাশপথে ‘পাচারের পরিকল্পনা’, দুই ‘দালাল’ আটক
ঢাকার আশকোনা থেকে দুই ‘মানবপাচারকারীকে’ আটক করার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ; উদ্ধার করা হয়েছে ১৮ জনকে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহামুদ নাসের জনি জানান, রোববার রাতে আশকোনার একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
দুই ‘পাচারকারী’ হলেন- মো. গোলাম রব্বানি ও মো. শাহাদাত হোসেন।
মাহামুদ নাসের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটক দুই দালাল ১৮ জনকে বিমানে করে থাইল্যান্ডে পাঠিয়ে সেখান থেকে ইন্দোনেশিয়া হয়ে পালাউ দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল।”
‘পাচারকারীরা’ উদ্ধার হওয়া ১৮ জনকে দুই বছরের ভিসা থাকার কথা জানালেও তাদের পাসপোর্টে থাইল্যান্ডের ১৫ দিনের ট্যুরিস্ট ভিসা পাওয়া গেছে বলে সহকারী কমিশনার জানান।
দুপুরে মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক ব্রিফিংয়ে উপ-কমিশনার শেখ নাজমুল আলম বলেন, “উদ্ধার ১৮ জন বলেছেন, পালাউ নামে যে একটি দেশ আছে তা রব্বানি ও শাহাদাতের কাছেই তারা জানতে পারেন।
পশ্চিম প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের আড়াইশ দ্বীপ নিয়ে গঠিত ক্ষুদ্র দেশ পালাউয়ের জনসংখ্যা ২১ হাজারের মতো। সেখানে উচ্চ বেতনে চাকরি দেওয়ার কথা বলে প্রত্যেকের কাছ ৭ লাখ টাকা করে নেয় দালালরা।
পুলিশ কর্মকর্তা নাজমুল বলেন, “শাহাদত মালিবাগের জিএলসি প্রাইভেট লিমিটেড নামে এক কোম্পানির এমডি মাহমুদুর রহমানের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেয়। মাহমুদুর তাদের পালাউয়ে পাঠানোর কথা বলে টাকা নেয়।”
কয়েকবার তারিখ পরিবর্তনের পর সম্প্রতি শাহাদাত ওই ১৮ জনকে বিমানবন্দরের কাছকাছি আশকোনা বাজারের ডি রাফেজ হোটেলে নিয়ে তোলে। কিন্তু এরপরও যাত্রা করতে বিলম্ব দেখে তাদের মধ্যে পাঁচজন বিষয়টি পুলিশকে জানায়।
এর ভিত্তিতেই ওই হোটেলে অভিযান চালিয়ে দুজনকে আটক ও ১৮ জনকে উদ্ধার করা হয় বলে শেখ নাজমুল আলম জানান।
মাহমুদুর রহমানকেও ধরার চেষ্টা চলছে বলে পুলিশের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
অন্যদের মধ্যে পুলিশের ভারপ্রাপ্ত উপ-কমিশনার এস এম জাহাঙ্গীর আলম সরকার, অতিরিক্ত উপ-কমিশনার সাইফুল ইসলাম ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
গতমাসের শেষ দিকে থাইল্যান্ডের জঙ্গলে পাচারকারীদের পরিত্যক্ত একটি ক্যাম্পে অভিবাসীদের গণকবর পাওয়া যায়, যেখানে বাংলাদেশিদেরও দেহাবশেষ রয়েছে বলে সংবাদ মাধ্যমের তথ্য।
এ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের মধ্যে মানবপাচার ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড।
বাংলাদেশেও পাচারকারীদের ধরতে অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলাবাহিনী। কক্সবাজার, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় গত এক মাসে বেশ কয়েকজন সন্দেহভাজন পাচারকারীকে আইন-শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে, পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন অন্তত পাঁচজন।
