২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধার করা প্রশ্নে আধ ঘণ্টা দেরিতে এইচএসসি পরীক্ষা

কিশোরগঞ্জের একটি পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র না আসায় অন্য কেন্দ্র থেকে ধার করা প্রশ্নপত্র দিয়ে এইচএসসি পরীক্ষার দুটি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2015, 07:07 PM

Updated : 22 Aug 2022, 12:22 PM

রোববার সকালে ও বিকালে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজে এ ঘটনা ঘটে।

এই অব্যবস্থাপনার কারণে সকালে বাণিজ্য বিভাগের উৎপাদন ব্যবস্থা ও বিপণন এবং বিকালে মানবিক বিভাগের সমাজকল্যাণ বিষয়ের পরীক্ষা আধঘণ্টা দেরিতে শুরু হয়।

কলেজের অধ্যক্ষ ও পরীক্ষাকেন্দ্রের সচিব রাম চন্দ্র রায় জানান, প্রশ্নপত্র বিষয়ে অব্যবস্থাপনার জন্য পরীক্ষা কমিটির আহ্বায়ক আবদুল হামিদকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

রাম চন্দ্র রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টায় বাণিজ্য বিভাগের উৎপাদন ব্যবস্থা ও বিপণন বিষয়ে পরীক্ষার প্রশ্নপত্র কলেজে না পৌঁছায় শহরের সরকারি মহিলা কলেজ কেন্দ্র থেকে প্রশ্ন এনে ফটোকপি করে ১৯০ জন পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়।

“অন্য কলেজ থেকে প্রশ্ন আনা ও ফটোকপি করাসহ আনুষঙ্গিক কাজ করতে আধঘণ্টা সময় নষ্ট হয়। ফলে পরীক্ষা শুরু হয় সাড়ে ১০টায়।”

বিকেলে মানবিক বিভাগের সমাজ কল্যাণ বিষয়ের প্রশ্নপত্রও না থাকায় একইভাবে দেরিতে পরীক্ষা নেওয়া হয় বলে জানান তিনি।

রাম চন্দ্র জানান, কয়েকদিন আগে জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় কলেজের পরীক্ষা কমিটি এইচএসসি পরীক্ষার সব প্রশ্নপত্র পরীক্ষার রুটিন অনুযায়ী সাজিয়ে রেখে আসে।
“সকালে পরীক্ষা কমিটির আহ্বায়ক ও কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক আবদুল হামিদ সেখান থেকে প্রশ্নপত্র নিয়ে আসেন।কিন্তু পরীক্ষার ঠিক আগে দেখা যায় অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র এলেও ওই দুই বিষয়ের  প্রশ্ন নেই।”

সোমবার কলেজের পক্ষ থেকে ট্রেজারিতে গিয়ে ঘটনার কারণ অনুসন্ধানের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ বিষয়ে আবদুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বলতে পারছি না কেন এমন হল।ট্রেজারিতে গিয়ে অনুসন্ধান চালিয়ে না দেখা পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।”