২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টোল আদায় স্থগিতের পর ঢাকা-মাওয়া বাস চলাচল শুরু

বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাটের পার্কিং ইয়ার্ডের টোল আদায় আপাতত বন্ধ রাখার ঘোষণা দিলে ঢাকা-মাওয়া মহাসড়কে ধর্মঘট তুলে নিয়েছে বাস মালিক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2015, 03:59 PM

Updated : 22 Aug 2022, 12:22 PM

টোল আদায় স্থগিতের আদেশ রোববার সন্ধ্যায় মাওয়া বন্দর কর্মকর্তার কাছে এসে পৌঁছলে ধর্মঘট প্রত্যাহার করে নেয় তারা।

শিমুলিয়া ঘাটে বাস প্রতি ৪০ টাকা টোল আদায়ের প্রতিবাদে রোববার সকাল থেকে এ ধর্মঘট শুরু করে মাওয়া বাস মালিক কল্যাণ সমিতি ও বাংলাদেশ সড়ক ফেডারেশন শ্রমিক ইউনিয়ন।

মাওয়া বাস মালিক কল্যাণ সমিতির সভাপতি আলী আকবর সাংবাদিকদের বলেন, “কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নেওয়ায় সন্ধ্যায় আমার ধর্মঘট প্রত্যাহার করেছি।”

“ইজারাদারের লোক প্রতি ট্রিপে প্রতি গাড়ি থেকে ৪০ টাকা করে আদায় করছে। অথচ নৌ-পরিবহন মন্ত্রী ঘাটে এসে বলেছিলেন কোনো টাকা পয়সা দিতে হবে না। কিন্তু আমরা বাস্তবে ফল দেখছি উল্টো,” বলেন তিনি।

মাওয়াঘাট পরিবহন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক গোলাম সহিদ কাওসার বলেন, তারা সরকারের নিয়ম অনুযায়ী দুই লাখ টাকা বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

“আমরা বলেছিলাম, আমাদেরকে ইজারাদারের অত্যাচারের হাত থেকে রেহাই দেন। কিন্তু তারা তা শোনেনি।”

বিআইডব্লিউটিএ চেয়ারম্যানকে চিঠি দিয়েও কোনো ফল না পেয়ে ধর্মঘটে গিয়েছিলেন বলে দাবি করেন সহিদ।

বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাটের কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, সন্ধ্যায় বিআইডব্লিউটিএর মেম্বার অফ অপারেশন ভোলনাথ দে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের নির্দেশে টোল আদায় স্থগিতের আদেশ দিলে বাস মালিক কর্তৃপক্ষ ধর্মঘট প্রত্যাহার করে নেয়।

আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

শিমুলিয়া পার্কিং ইয়ার্ডের ইজারাদার লুৎফর রহমান তালুকদার বলেন, নৌপরিবহন কর্তৃপক্ষ স্পট কোটেশনের মাধ্যমে তাকে এক লাখ ৬৫ হাজার টাকা সর্বোচ্চ কোটেশনে পার্কিং ইয়ার্ডের ইজারা দেয় এক মাসের জন্য। কর্তৃপক্ষ ইজারা বাতিল করে টোল ফ্রি করবে কি না, তা সম্পূর্ণ তাদের ব্যাপার।