চট্টগ্রামে পুলিশ হেফাজতে আসামির মৃত্যু তদন্তে ২ কমিটি
চট্টগ্রামের কোতোয়ালীতে পুলিশের হেফাজতে আসামির মৃত্যুর ঘটনায় দুটি তদন্ত কমিটি করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার আব্দুল জলিল মণ্ডলের নির্দেশে ও দক্ষিণ জোনের উপ-কমিশনার কামরুল আমীনের নির্দেশে এই দুটি কমিটি করা হয়েছে।
শনিবার সকালে চট্টগ্রামের কোতোয়ালী থানার হাজতে মো. ইছহাক (৫০) নামে এক আসামির মৃত্যুকে পুলিশ আত্মহত্যা বললেও তার স্বজনরা দাবি করেছে, পুলিশের নির্যাতনে মৃত্যু হয়েছে তার।
সিএমপি কমিশনারের নির্দেশে করা কমিটির প্রধান করা হয়েছে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার কুসুম দেওয়ানকে।
এই কমিটির অন্য দুই সদস্য হলেন- সহকারী কমিশনার (বিশেষ শাখা) কাজেমুর রশিদ ও সহকারী কমিশনার (সদর) নিয়াজ মোহাম্মদ।
এছাড়া দক্ষিণ জোনের উপ-কমিশনারের নির্দেশে গঠিত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মিজানুর রহমানকে।
কমিটির অন্য দুই সদস্য হলেন- পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার দীপক জ্যেতি খীসা ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক বেলাল উদ্দিন জাহাঙ্গীর।
অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ইত্যেমধ্যে কমিটি কাজ শুরু করেছে।
মৃতের সুরতহাল করতে যাওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব উল হাসান জানান, নিহতের গলার ডান পাশে দেড় ইঞ্চি পরিমাণ মোটা কালো ফাঁসের দাগ আছে।
এছাড়া কপালের ডান পাশে দুই সেন্টিমিটার পরিমাণ চামড়া ছিঁড়ে গেছে। বাম বুকের নিজের অংশে একটি আঘাতের দাগও আছে।
দুই ছেলে এক মেয়ের বাবা নিহত ইছহাক কর্ণফুলী থানার শিকলবাহা মাস্টার হাটের বাসিন্দা।
নগরীর কোতোয়ালী থানার নন্দনকানন এলাকায় একটি কোমল পানীয় পরিবেশক জাহিদ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন ইছহাক।
প্রতিষ্ঠানটিতে চুরির চেষ্টার মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল বলে দাবি কোতোয়ালী থানার ওসি জসীম উদ্দিনের।
