২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধ, ডাকাত’ আটক

কক্সবাজারের চকরিয়া উপজেলায় কথিত বন্দুকযুদ্ধের পর অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যিনি ডাকাতদলের সদস্য বলে দাবি পুলিশের।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2015, 06:31 PM

Updated : 22 Aug 2022, 12:18 PM

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি দেওয়ান আবুল হোসেন জানান, বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার বদরখালী কোদালিয়ারপাড়া এলাকার খাল পাড়ে এ বন্দুকযুদ্ধ হয়।

গ্রেপ্তার শহীদুর রহমানের (৩২) বিরুদ্ধে ডাকাতির বিভিন্ন ঘটনায় জড়িত থাকার অভিযোগে চকরিয়া থানায় দুটি মামলা রয়েছে। তিনি চকরিয়া পৌরসভার পালাকাটা এলাকার মোহাম্মদ নূরন্নবীর ছেলে।

বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া তিনটি দেশীয় বন্দুক, ৪৫ রাউন্ড কার্তুজ ও পাঁচটি কার্তুজ রাখার বেল্ট উদ্ধার করা হয়।

আবুল হোসেন বলেন, বিকালে ডাকাতি প্রস্তুতির খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল বদরখালী কোদালিয়ারপাড়া এলাকার খাল পাড়ে অভিযানে যায়। এ সময় ডাকাতদলের সদস্যরা ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

ডাকাতদলের প্রায় ২০ রাউন্ড গুলির জবাবে পুলিশ ১২ রাউন্ড গুলি ছুড়লেও এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

তিনি আরও বলেন, বন্দুকযুদ্ধের এক পর্যায়ে ডাকাতরা পিছু হটে পালানোর সময় ডাকাত শহীদুরকে ধাওয়া করে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ঘটনাস্থল থেকে বন্দুক ও কার্তুজ উদ্ধার করা হয়।

এ অস্ত্র উদ্ধার ও পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে শহীদুরের বিরুদ্ধে নতুন আরও দুটি মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।