স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন
পাঁচ বছর আগে এক ব্যক্তিকে হত্যার পর লাশ দুই টুকরা করে নদীতে ভাসিয়ে দেওয়ার ঘটনায় নিহতের স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
আসামিদের মধ্যে আরও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেক আসামির হয়েছে সাত বছরের সাজা। এছাড়া চার আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
রায়ের সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে যাবজ্জীবন সাজা পাওয়া আসামি পলাতক বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী দীনমণি দে জানিয়েছেন।
সাজাপ্রাপ্তরা হলেন- নিহত মনসুর আহমদ চৌধুরীর স্ত্রী সালেহা বেগম মুন্নী, মুন্নীর ভাই মো. জাহেদ হোসেন এবং খালাত ভাই জসিম উদ্দিন।
সাত বছর সাজা পাওয়া আসামির নাম রণি দত্ত।
অতিরিক্ত পিপি দীনমণি দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলায় চার আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছেন। আসামিদের মধ্যে জাহেদ পলাতক। অন্যদের রায় ঘোষণার পর কারাগারে পাঠানো হয়েছে।”
এই আইনজীবী বলেন, খালাত ভাই জসিমের সঙ্গে মুন্নীর প্রেমের সম্পর্ক ছিল। এর জেরে ২০১০ সালের ২৯ মার্চ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম সারোয়াতলী গ্রামে মুন্নীর স্বামী মনসুর আহমদ চৌধুরীকে হত্যা করা হয়।
তিনি বলেন, “মনসুরকে শ্বাসরোধে হত্যার পর নিহতের মাথা শরীর থেকে আলাদা করে নদীতে ফেলে দেওয়া হয়েছিল।”
এ ঘটনায় নিহতের বড় ভাই আইনজীবী ফারুক আহমেদ বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেন।
বিচার চলাকালীন চলতি মাসের শুরুতে বাদী ফারুক মারা যান জানিয়ে আইনজীবী দীনমণি দে বলেন, “তিনি চট্টগ্রাম আদালতের একজন জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন। ভাইয়ের হত্যার বিচার তিনি দেখে যেতে পারলেন না।”
