নতুন অর্থবছরে খান জাহান বিমান বন্দরের কাজ শুরু: মেনন
আগামী অর্থবছরে বাগেরহাটে খানজাহান আলী বিমান বন্দরের নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
মঙ্গলবার দুপুরে বাগেরহাটের রামপালের ফয়লায় প্রস্তাবিত ওই বিমান বন্দরটির নির্ধারিত স্থান পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।
রাশেদ খান মেনন বলেন, গত ৬ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এই বিমান বন্দরের জন্য ৫৪৪ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ অনুমোদন হয়েছে। তিন বছরের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে।
এছাড়াও মংলায় পর্যটন করপোরেশনের পশুর মোটেলটি সম্প্রসারণ ও খুলনা শহরের মুজগুন্নি এলাকায় একটি হোটেল ব্যবস্থাপনা ইনস্টিটিউট নির্মাণের ঘোষণা দেন পর্যটন মন্ত্রী ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল সানাউল হক প্রমুখ।
বাগেরহাট জেলা প্রশাসন থেকে জানা যায়, বাগেরহাটের রামপাল উপজেলার খুলনা-মংলা মহাসড়কের পাশে ফয়লায় বিমান বন্দরটির জন্য স্থান নির্ধারণ করা হয়েছে, যার দুরত্ব খুলনা শহর থেকে ২০ কিলোমিটার।
১৯৯৬ সালে একটি শর্ট টেক অফ ল্যান্ডিং বন্দর (STO L) হিসেবে এর নির্মাণ কাজ শুরু হয়। তখন এ জন্য ৪১ দশমিক ৩০ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়।
তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯৬ সালের ২৭ জানুয়ারি এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু ১৯৯৭ সালে ২৪ কোটি টাকা ব্যয়ে কিছু মাটি ভরাট কাজের পর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।
২০১১ সালের ৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটিকে পূর্ণাঙ্গ বিমান বন্দরে উন্নীত করার প্রতিশ্রুতি দেন।
২০১৩ সালের এপ্রিলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (কুয়েট) সম্ভাব্যতা যাচাই করার দায়িত্ব দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ওই বছরের ২৬ নভেম্বর কুয়েটের বিশেষজ্ঞরা তাদের প্রতিবেদন জমা দেন।
প্রতিবেদনে প্রাথমিকভাবে ছোট বিমান ওঠানামার জন্য আড়াইশ কোটি টাকা ও পূর্ণাঙ্গ বিমান বন্দরের জন্য পাঁচশ কোটি টাকা ব্যয় বরাদ্দের দুটি প্রস্তাব করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই বিমান বন্দর নির্মাণে ৫৪৪ কোটি ৭৫ লাখ টাকার একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়।
সেখান থেকে অনুমোদন পেলে প্রস্তাবটি গত ৬ মে একনেকের সভায় অনুমোদন দেয়া হয়।
এর মধ্যে সরকারের তহবিল থেকে ৪৯০ কোটি টাকা এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তহবিল থেকে বাকি ৫৪ কোটি টাকা প্রদানের সিদ্ধান্ত হয়।
