টাঙ্গাইলে ফারুখ হত্যা: আসামিদের গ্রেপ্তার দাবি
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তার স্ত্রী নাহার আহমেদ।
মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
২০১৩ সালের ১৮ জানুয়ারি আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদকে শহরের কলেজ পাড়ায় হত্যা করা হয়।
পরদিন তার স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে নাহার আহমেদ বলেন, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তদন্তে হত্যাকারীদের নাম বের হয়ে এসেছে।
“এতে টাঙ্গাইলের খান পরিবারের চার ভাই সাংসদ আমানুর রহমান খান রানা, ব্যবসায়ী জাহিদুর রহমান খান কাকন, পৌর মেয়র সহিদুর রহমান খান মুক্তি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পা জড়িত।”
তিনি বলেন, ইতিমধ্যে এ ঘটনায় গ্রেপ্তার একাধিক আসামি খান পরিবারের চার ভাইয়ের সম্পৃক্ততার কথা উল্লেখ করে আদালতে জবানবন্দিও দিয়েছেন।
এ ঘটনার প্রেক্ষিতে আত্মগোপনে থাকা খান পরিবারের চার ভাইকে দ্রুত গ্রেপ্তার এবং পর্যাপ্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে মামলার অভিযোগপত্র দাখিলের দাবি জানান তিনি।
ফারুখ হত্যাকাণ্ডের মামলায় পুলিশ আওয়ামী লীগের লোকজনকে হয়রানি করেছে মর্মে বিভিন্ন পত্রিকায় যেসব সংবাদ পরিবেশিত হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নাহার আহমেদ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শরিফ হাজারী, জেলা যুবলীগের সাবেক সভাপতি শওকত রেজা, জার্মান আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক তানভীর হাসান, পৌরসভার সাবেক কাউন্সিলর সাইফুজ্জামান খান সোহেল, জেলা তাঁতী লীগের আহ্বায়ক সোলায়মান হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
