ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি ২০ জুন থেকে
বছরের শুরুতে হরতাল-অবরোধে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি আগামী ১ জুনের পরির্বতে ২০ জুন থেকে শুরু হবে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ১৪ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছুটির পরিবর্তিত তালিকা অনুমোদন করা হয়।
ছুটি পেছানোর কারণ জানতে চাইলে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরতাল-অবরোধে অনেক বিভাগের ক্লাস ঠিকমতো হয়নি।
“এখন ক্লাস চলছে, তাই শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়ে তাদের সুবিধার্থে গ্রীষ্মকালীন ছুটিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে সিন্ডিকেট সভায়।”
সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২১ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি ও ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
ছুটির পরের দুই দিন শুক্র ও শনিবার থাকায় আগামী ২ অগা্স্ট পুনরায় ক্লাস শুরু হবে।
তবে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলোতে ছুটি থাকবে আগামী ১৬ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত।
