চড়ের পর এবার ধাক্কায় পড়লেন জগন্নাথের ছাত্রলীগ সভাপতি
সংগঠনের এক নেতার হাতে চড় খাওয়ার পর এবার আরেক নেতার হাতে লাঞ্ছিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি শরীফুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসের প্রক্টর কার্যালয়ের সামনে তিনি কমিটির উপপ্রচার সম্পাদক আনিছুর রহমান শিশিরের কলার চেপে ধরলে তার ধাক্কায় পড়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
এর আগে ভর্তির ক্ষেত্রে অবৈধ লেনদেনের ঘটনা নিয়ে ২০১৪ সালের ৩১ জানুয়ারি শরীফকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে সবার সামনেই চড় মেরেছিলেন কমিটির উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম নাভিদ।
ওই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি সাইফুলকে এক হাজার টাকা জরিমানা করে। ওই টাকা জরিমানা দিয়ে ‘চড়ের দাম’ তিনি পরিশোধ করেছিলেন বলে ছাত্রলীগ নেতারা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে উপপ্রচার সম্পাদক শিশিরকে প্রক্টর অফিসের সামনে ডেকে আনেন সভাপতি। সেখানে ব্যক্তিগত একটি বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শিশিরের কলার চেপে ধরতে যান শরীফ। তখন শিশির পাল্টা শরীফের কলার চেপে ধরে ধাক্কা দেন। এতে শরীফ মেঝেতে পড়ে যান।
হৈ চৈ শুনে ছাত্রলীগের অন্য নেতা-কর্মীরা গেলে শরীফ প্রশাসনিক ভবনের ভেতরে ঢুকে পড়েন। পরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ঢুকলে তার সঙ্গে বেরিয়ে ক্যাম্পাস ছেড়ে যান শরীফ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নূর মোহাম্মদ সাংবাদিকদের বলেন, “আমি ক্লাসে ছিলাম। পরে আমার অফিসের সামনে দেখেছি কয়েকজন দাঁড়িয়ে ছিল। কিন্তু কী ঘটনা ঘটেছে, তার কিছু জানি না।”
শিশির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্যাম্পাসে ময়মনসিংহ অঞ্চলের নেতা-কর্মীদের সাংগঠনিক তৎপরতায় ভীত হয়ে এবং এর পেছনে আমার ভূমিকায় ক্ষিপ্ত হয়ে শরীফ মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে অপদস্ত করার চেষ্টা করেছিল। আমি এর প্রতিবাদ করে তাকে ধাক্কা দিলে সে পড়ে যায়।”
শরীফুল জগন্নাথ কলেজের ছাত্র ছিলেন। পুরান ঢাকার এই কলেজটি ২০০৫ সালে বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়।
ঘটনাটি নিয়ে শরীফের সঙ্গে কথা বলতে তাকে ফোন করা হলে তিনি কিছু বলতে রাজি হননি। উল্টো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে গালাগালি করেন সংগঠনের সহকর্মীর হাতে লাঞ্ছিত এই ছাত্রলীগ নেতা।
এক বছরের জন্য গঠিত হলেও ২০১২ সালের পর আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটি হয়নি।
