২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিউশন ফি বাড়ানোর পক্ষে নাছির

ভর্তুকি কমাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টিউশন ফি বাড়ানোর পক্ষে মত দিয়েছেন নতুন মেয়র আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2015, 07:50 PM

Updated : 22 Aug 2022, 12:18 PM

মঙ্গলবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে দায়িত্ব গ্রহণের প্রাক-প্রস্তুতি হিসেবে করপোরেশনের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে সভায় এ অভিমত ব্যক্ত করেন তিনি।

আ জ ম নাছির বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে পরিমাণ ভর্তুকি দিতে হয় সেটা বহন করার মত সামর্থ্য সিটি করপোরেশনের নেই।

“ভর্তুকি ক্রমান্বয়ে কমিয়ে আনতে হবে। টিউশন ফি বাড়াতে হবে। এত বিশাল অংকের ভর্তুকি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালানো অনেক কঠিন কাজ।”

আগামী বছর থেকে টিউশন ফি পর্যায়ক্রমে বাড়ানোর নির্দেশ দেন তিনি।

আ জ ম নাছির বলেন, শুধু পাসের হার বাড়ালেই হবে না, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে পাবলিক পরীক্ষায় শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ার হার শতভাগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি, শিক্ষার গুণগত মানও বাড়াতে হবে।

শিক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে নিয়মিত বৈঠক করবেন বলেও জানান আ জ ম নাছির।

চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীনে মোট ৪৬টি স্কুল, ১৮টি কলেজ ও ছয়টি কম্পিউটার ট্রেনিং সেন্টারের প্রধানরা এসময় মেয়রের কাছে তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা তুলে ধরে সমস্যা সমাধানে মেয়রের সহযোগিতা কামনা করেন।

নাছির বলেন, দুশ্চিন্তামুক্তভাবে যাতে শিক্ষকরা পাঠদান করতে পারেন তার সর্বোচ্চ ব্যবস্থা সিটি করপোরেশন নেবে।

‍যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের সম্মানীও নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।

শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময়ের মধ্যেই থিয়েটার ইনস্টিটিউটের নিচের হলরুমে অনুষ্ঠিত সিটি ডেভেলাপমেন্ট প্রজেক্টের আওতায় একটি ওয়ার্কশপের উদ্বোধন করেন আ জ ম নাছির উদ্দিন।

এ সময় আ জ ম নাছির বলেন, জাইকার যে দুটো প্রকল্প আছে তা সফলতার সঙ্গে শতভাগ বাস্তবায়ন করতে হবে।

“প্রথমটি যদি আমরা সফলতার সঙ্গে বাস্তবায়ন করতে পারি তাহলে দ্বিতীয়টি পাওয়ার সুযোগ তৈরি হবে।”

ওয়ার্কশপে আন্তরিকতার সঙ্গে অংশগ্রহণ করে নিজেদের ধারণাকে সমৃদ্ধ করার আহ্বান জানান তিনি।