২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে ইউজিসি চেয়ারম্যানের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2015, 05:41 PM

Updated : 22 Aug 2022, 12:18 PM

মঙ্গলবার বিকেলে ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যান আবদুল মান্নানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সাক্ষাতের সময় ইউজিসি চেয়ারম্যান তার প্রতিষ্ঠানের কাজ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি রাষ্ট্রপতিকে জানান, বর্তমানে দেশে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ১২০টি বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এসব বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৩০ লাখ।”

ইউজিসি চেয়ারম্যান রাষ্ট্রপতিকে জানান, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মঞ্জুরি কমিশনের কাজের পরিধিও বেড়েছে।

রাষ্ট্রপতি এসময় বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার গুনগত মান নিশ্চিত করতে ইউজিসিকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান।

জবাবে আবদুল মান্নান রাষ্ট্রপতিকে বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর জন্য অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন করা হয়েছে।

ইউজিসির প্রতিনিধি দলে আরও ছিলেন- সদস্য মোহাম্মদ মোহাব্বত খান, আবুল হাশেম, মো. আখতার হোসেন এবং কমিশন সচিব মো. খালেদ।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।