মির্জা ফখরুলের বিস্ফোরক মামলায় অভিযোগ গঠন পেছাল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগার থেকে আদালতে হাজির না করায় মতিঝিল থানার একটি বিস্ফোরক আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানি দ্বিতীয়বারের মত পিছিয়ে গেছে।
ফখরুলসহ এ মামলার ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ২১ জুলাই নতুন তারিখ ঠিক করে দিয়েছে আদালত।
ঢাকার ২ নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জাকিয়া পারভীন মঙ্গলবার এই আদেশ দেন।
ফখরুলের আইনজীবী জয়নাল আবেদীন মেসবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের বিরুদ্ধে ৮০টির মতো মামলা রয়েছে। তার মধ্যে তিন থেকে চারটি মামলা বিচারে এসেছে, বাকিগুলো তদন্তাধীন।
২০১২ সালের ৯ ডিসেম্বর মতিঝিল থানা এলাকায় পরপর দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। ওই ঘটনায় মতিঝিল থানার উপ-পরিদর্শক মোকারম হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মতিঝিল থানার এসআই এস এম আজিজুল হক ২০১৩ সালের ১৪ ডিসেম্বর মির্জা ফখরুলসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
