২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার ৫

চট্টগ্রাম শহরের শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৮শ ইয়াবাসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2015, 02:45 PM

Updated : 25 Apr 2022, 01:23 PM

এছাড়া দেওয়ান বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ১২০ লিটার চোলাই মদ।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- জসীম উদ্দিন (২২), আবু বক্কর সিদ্দিকী (৩০), মো. আব্দুল্লাহ (২৮), মো. রাহাত (১৮) ও মো. নওশাদ (১৮)।

ওসি বলেন, “গ্রেপ্তাররা কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আলাদাভাবে চট্টগ্রামে আসছিল। শাহ আমানত সেতু এলাকায় বাস থেকে নামার পর পুলিশের নিয়মিত চেকপোস্টে ভিন্ন ভিন্ন সময়ে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।"

গ্রেপ্তারদের মধ্যে আবু বক্করের কাছ থেকে ৬০০, আব্দুল্লাহর কাছ থেকে ৪০০, নওশাদের কাছ থেকে ২০০ এবং জসীম ও রাহাতের কাছ থেকে ৩০০টি করে ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান ওসি।

এছাড়া রাতে দেওয়ান বাজার এলাকার সাইফুল ইসলাম কলোনীতে অভিযান চালিয়ে ১২০ লিটার চোলাই মদ পাওয়া যায় বলে জানান তিনি।

ওসি বলেন, "উদ্ধার করা মদ ছিল নাছির নামে এক ব্যক্তির কাছে। পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে সে পালিয়ে যায়।"

মাদক উদ্ধারের ঘটনায় দুটি মামলা হয়েছে বলে ওসি মহসিন জানান।